চট্টগ্রামের পটিয়ায় মাত্র ৯ ফুট উঁচু থেকে পড়ে মো. রাফিজ (২৩) নামে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বাইপাসের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় একটি ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা রাফিজকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. রাফিজ উপজেলার খরনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লালারখীল গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, প্রায় ৯ ফুট উঁচু একটি দেয়ালে সিরিজ কাগজ দিয়ে ঘষামাজার কাজ করার সময় রহস্যজনকভাবে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান রাফিজ। তবে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভবনের কাজের কন্ট্রাক্টর মো. শহীদ জানান, ভবনের রঙ করতে সহকারী হিসেবে কাজে যান রাফিজ। এক পর্যায়ে মই থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
খরনা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মনোয়ারা জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।
আরটিভি/এমএইচজে




