অনলাইন জুয়া খেলার অভিযোগে ছাত্রশক্তির দুই নেতাসহ আটক ৯

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:৩২ পিএম


অনলাইন জুয়া খেলার অভিযোগে ছাত্রশক্তির দুই নেতাসহ আটক ৯

লালমনিরহাটে পৃথক অভিযানে জাতীয় ছাত্রশক্তির দুই নেতাসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড ও অনলাইন জুয়া ক্যাসিনো খেলার সামগ্রী উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় এ অভিযান চালায়। এ সময় একটি বসতঘরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশ। 

‎পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা বিভিন্ন জুয়ার সাইটে নগদ ও বিকাশের মাধ্যমে লেনদেন করতো। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ৩০টি সিমকার্ড উদ্ধার করা হয়। মোবাইলগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও সাইটের প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুন



একই দিনে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সদর থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া খেলার সময় আরও ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড জব্দ করা হয়। জব্দকৃত ডিভাইসগুলোতে বিভিন্ন জুয়া সংক্রান্ত অ্যাপ্লিকেশন ও লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, লালমনিরহাট জেলাকে আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্য দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারই ধারাবাহিকতায় মাদক, জুয়া ও সন্ত্রাস মুক্ত করতে এ অভিযান চালানো হয়। 

তিনি আরও বলেন, এ সময় লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ফরিদ আলী, রাব্বি সরকার সৌরভ ও মাসুদ ইসলামকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ, জুয়া খেলায় আটককৃতদের মধ্যে জাতীয় ছাত্রশক্তি লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম আহবায়ক মাসুদ ইসলাম ও সংগঠক রাব্বি সরকার সৌরভ নামে দুজনকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে আটক করে পুলিশ। এসময় প্রাথমিক জিজ্ঞাসা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন ওই দুই নেতা।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission