ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে মো. শাহীন মিয়া নামে মাদক মামলার আসামি পুলিশের হাত থেকে পালিয়ে গেছে।
মঙ্গলবার (৫ মে) ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে যান তিনি।
শাহীন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার বাসিন্দা।
এ সময় একই এলাকার আসামি সজলও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে, উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ তাকে আটক করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতে ওঠানোর আগে দুই আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা গেলেও অপরজন পালিয়ে যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, সোমবার (৪ মে) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সজল ও শাহীন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে গাড়ি থেকে নামানোর সময় কৌশলে একজন পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া আসামি শাহীনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরটিভি/এমএম




