দিনাজপুরের হিলিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে তিনটি ওষুধের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে হিলি বাজারের ওষুধের দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
ইউএনও বিক্রম চাকমা বলেন, হিলি বাজারে অবস্থিত ওষুধের দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে চারটি ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তিনটি দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ পাওয়া যায়। সেই অভিযোগে ওই তিন ওষুধের দোকানকে সতর্কতামূলক ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে কেউ যেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রয় না করে। কারো বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তাকে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
আরটিভি/এমএইচজে



