কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ রোডের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ বিন জহির (২৬) কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার ২৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ রোডের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে কুমিল্লা মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করে নিয়ে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা।
এক শোকবার্তায় মহানগর সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান বলেন, আব্দুল্লাহ বিন জহিরের আকস্মিক মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। ইসলামী আন্দোলনের পথে তার অবদান ও স্মৃতি সংগঠনের নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এদিকে, পৃথক এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, আব্দুল্লাহ বিন জহির ছিলেন একজন সৎ, কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। ছাত্রসমাজের মাঝে ইসলামের আদর্শ পৌঁছে দিতে তার ত্যাগ ও অবদান সংগঠন চিরকাল স্মরণ রাখবে। মহান আল্লাহ তায়ালা ইসলামের জন্য তার সকল খেদমত কবুল করুন, তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
আরটিভি/আইএম




