চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামে এক শিশুর (৩) মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে বিবিরহাটের ‘হাসান টাওয়ার-১’ ভবনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু কারিম সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় কারিমের মা রান্নাঘরে দুপুরের কাজে ব্যস্ত ছিলেন। মায়ের অগোচরে শিশু কারিম কোনো এক সময় ভবনের ছাদে চলে যায়। দীর্ঘক্ষণ কারিমকে না দেখে মা যখন তাকে খুঁজছিলেন, তখন ভবনের পাশে কারিমকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। কারিমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি ছাদ থেকে পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/এমএইচজে




