আচার চুরির ঘটনা ঘিরে হাতাহাতি, শিক্ষার্থীকে রড দিয়ে পেটানোর অভিযোগ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৫:৪৩ পিএম


আচার চুরির ঘটনা ঘিরে হাতাহাতি, শিক্ষার্থীকে রড দিয়ে পেটানোর অভিযোগ
ফাইল ছবি

মাদারীপুরের শিবচরে বন্ধুর ব্যাগ থেকে আচার চুরি যাওয়ার ঘটনায় বাগবিতণ্ডা ও হাতাহাতির জেরে হামলার শিকার হয়েছেন জুবায়ের আহম্মেদ (১৬) নামে এক স্কুলছাত্র। তাকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে হামলাকারী সহপাঠীদের বিরুদ্ধে। 

বুধবার (৬ মে) সন্ধ্যায় শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ডের রূপসী বাংলা মার্কেটের সামনে হামলার ঘটনাটি ঘটে।

আহত জুবায়ের পাঁচ্চর উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শামীম হোসেনও একই বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

জুবায়েরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহখানেক আগে জুবায়েরের এক বন্ধুর স্কুলব্যাগ থেকে আচার চুরি হয়। এ ঘটনায় তিনি তার এক সহপাঠী শামীমকে সন্দেহ করেন এবং বিষয়টি তার কাছে জানতে চান। এর পরিপ্রেক্ষিতে সেইদিন শামীম ও জুবায়েরের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে জুবায়েরকে একা পেয়ে গতকাল সন্ধ্যায় দলবল নিয়ে অতর্কিত হামলা চালায় শামীম। এসময় লোহার রড দিয়ে জুবায়েরের মাথায় আঘাত করে হামলাকারীরা। এতে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় কয়েকজন জুবায়েরকে আহতাবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন

জুবায়েরের মা লাকি বেগম বলেন, ‘সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ওরা আমার ছেলেকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে। আমি এর বিচার চাই।’

অভিযোগের বিষয়ে শামীম হোসেন বলে, ‘আমাকে জুবায়ের আগে মারধর করেছে। রড দিয়ে আমরা কেউ তাকে মারধর করিনি। আমার নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে।’

এ ব্যাপারে শিবচর থানার পরিদর্শক মুঞ্জুল মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission