বরিশাল নগরীতে মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস শানকে চার দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বরিশাল মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শান নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা প্রবাসী সজল দাসের ছেলে এবং কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে শান বাসা থেকে বের হয়ে মায়ের জন্য খিচুড়ি কিনতে বের হয়। পরে ভাটিখানা মন্দিরের সামনে একটি বিকাশের দোকান থেকে সে ৮ হাজার টাকা উত্তোলন করে। এরপর সে নিখোঁজ হয়।
তিনি জানান, এ ঘটনায় পুলিশ একাধিক টিম গঠন করে অনুসন্ধান শুরু করে। পরে ৬ মে কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার থানা পুলিশ। পরে কাউনিয়া থানা পুলিশ তাকে বরিশালে নিয়ে আসে।
শান জানায়, টাকা উত্তোলনের পর খিচুড়ি অর্ডার দিয়ে হাঁটার সময় এক ব্যক্তি তার কাছে একটি কাগজ দিয়ে ঠিকানা জানতে চায়। এরপর থেকে আর কিছুই তার মনে নেই।
শানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে পরিবার। তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
আরটিভি/এমএস/এসআর




