পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র-গুলি ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকার একটি বাড়ি থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আব্দুর রব (৫৬), তিনি ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, আব্দুর রব নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে তথ্য ছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় ঈশ্বরদী থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অভিযানকালে মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ান শ্যুটার গান এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরটিভি/এমএইচজে



