জামায়াত-এনসিপি জোটের পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে পথসভা

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৮:৫৭ পিএম


জামায়াত-এনসিপি জোটের পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে পথসভা
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: আরটিভি

বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) এ পথসভার  কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে জামায়াত-এনসিপি জোট দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায়। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণই প্রতিহত করবে। বাংলাদেশের মানুষ আর কোনো অপশক্তিকে দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হালুয়াঘাট পৌর শহরের মহিলা মার্কেট, উপজেলা পরিষদ এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড, জিরো পয়েন্ট, মধ্য বাজার ও কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে মহিলা মার্কেট চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তিনি।

পথসভায় প্রিন্স বলেন, রাজশাহীর সমাবেশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপির নেতা নাসির উদ্দীন পাটোয়ারীসহ কয়েকজন বিরোধী নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, বিএনপি সরকার যখন রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচনপূর্ব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে, তখন জনবিচ্ছিন্ন কিছু রাজনৈতিক শক্তি জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে মিথ্যাচার ও চরিত্রহননের রাজনীতি শুরু করেছে।

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলেছেন, বিএনপি সরকার অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু বিরোধী জোট এ বিষয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। গণভোটের চারটি বিষয়ের মধ্যে সাড়ে তিনটি বিষয়ে বিএনপি সহমত পোষণ করে বলেও জানান তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা অবিস্মরণীয়। তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। মুক্তিযুদ্ধে এবং সকল নির্বাচনে পরাজিতদের অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, জামায়াত ও তাদের মিত্ররা এখন আওয়ামী লীগের ভাষা ও অপপ্রচার কৌশল ধার করে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে। এতে তাদের রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে।

এ সময় তিনি বলেন, কাচের ঘরে বসে ঢিল ছুড়লে নিজের ঘরের কাচই আগে ভাঙে। তাই অন্যকে নিয়ে কুৎসা রটানোর আগে নিজেদের রাজনৈতিক অতীত জনগণের সামনে পরিষ্কার করা উচিত।

আরও পড়ুন

গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission