ফেনীতে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র্যাব ক্যাম্প-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তিনি আটটি গরু কিনেন। বিক্রির উদ্দেশে গরুগুলো ফেনী শহরের রামপুর এলাকায় এনে বেঁধে রেখে পাহারা দিচ্ছিলেন। ভোরের দিকে চার থেকে পাঁচ জনের একটি দল এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা গাড়িটির পেছনে ধাওয়া করলেও ছিনতাইকারীদের আটকাতে পারেনি। প্রশাসনের কাছে গরুটি উদ্ধারের দাবি জানাচ্ছি।
স্থানীয়রা জানান, অনেকেই একটু লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এনে ফেনীর হাট-বাজারে বিক্রি করছেন। কিন্তু এভাবে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্য ব্যবসায়ীরাও নিজেদের নিরাপত্তা ও গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, রামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কাউকে ছাড় দেওয়া হবে না।
আরটিভি/টিআর




