বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬ , ০৮:২২ পিএম


বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ছবি: আরটিভি

ষড়যন্ত্রমূলক বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক। নিজেকে ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার দাবি করে বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজের ত্যাগ ও নির্যাতনের মূল্যায়ন চেয়েছেন এই নেতা।

সোমবার (২৫ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আজিজুল হক লিখিত বক্তব্যে এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে আজিজুল হক বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর ধরে রাজনীতির পাশাপাশি সততার সাথে ব্যবসা করে যাচ্ছি। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে অসংখ্য গায়েবি মামলার আসামি হয়েছি, দফায় দফায় হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু বর্তমান সরকার গঠনের পর একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে তেল কেলেঙ্কারির ভিত্তিহীন অভিযোগ তোলে। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দলকে বিভ্রান্ত করে আমাকে বহিস্কার করা হয়েছে, যা ইতোমধ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে স্পষ্ট।

জ্বালানি সঙ্কটের সময়ের ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, আমার মালিকানাধীন ‘মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে’ বিগত সময়ে প্রশাসন দফায় দফায় অভিযান চালিয়েও কোনো অনিয়ম বা অবৈধ মজুদের প্রমাণ পায়নি। চলতি বছরের ৭ এপ্রিল জ্বালানি না থাকায় পাম্পটি সাময়িক বন্ধ ছিল। সেই সুযোগে দায়িত্বশীলদের অনুপস্থিতিতে প্রশাসন একটি অভিযান চালায় এবং হিসাবের সাধারণ গরমিল দেখিয়ে মামলা দেয়। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনাকে পুঁজি করে মনগড়া ও ত্রুটিপূর্ণ রিপোর্টের ভিত্তিতে ষড়যন্ত্রমূলক খবর প্রকাশ করায়। অথচ আজ পর্যন্ত কেউ তেল মজুদের সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এতেই প্রমাণিত হয়, ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত।

বিগত আন্দোলন-সংগ্রামে দলের প্রতি তার ত্যাগ, মামলা-হামলার শিকার হওয়ার বিষয়টি বিবেচনা করে অবিলম্বে এই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তিনি। এ বিষয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য মাজহারুল ইসলাম চৌধুরী, আব্দুল মান্নান মন্ডল এবং বাবুল ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission