দিনাজপুরের বিরলে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিলেন আওয়ামী লীগের ৪ নেতা।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় বিরল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন— বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সদস্য মো. আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. মোফাচ্ছেল হক ছেলু, সদস্য রকিবুল আলম বাবু এবং বিরল পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সাজু।
সংবাদ সম্মেলনে সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আব্দুল লতিফ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগ ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে থেকেছেন।
তবে বর্তমান বাস্তবতায় রাজনৈতিক পরিচয়ের কারণে সমাজের সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি করেন তিনি। এ কারণে তারা ভবিষ্যতে আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলে ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, অতীতে ব্যবহৃত কোনো রাজনৈতিক পদ-পদবিও আর কোথাও ব্যবহার করা হবে না। তারা সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করবেন এবং নিজেদের ব্যবসায়িক কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালনা করবেন।
সংবাদ সম্মেলনে নেতারা নিজেদের ‘রাজনীতিমুক্ত’ ঘোষণা করে সবার কাছে দোয়া কামনা করেন।
আরটিভি/টিআর




