কোরবানির মাংস নিয়ে তুমুল মারামারি, আহত ৩০

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০২:৪৪ পিএম


কোরবানির মাংস নিয়ে তুমুল মারামারি, আহত ৩০
ছবি: কোলাজ আরটিভি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদুল আজহার নামাজ শেষে কোরবানির মাংস মসজিদে রাখা হবে নাকি বাড়িতে রাখা হবে - এ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে প্রায় দুপুর ১২টা পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে গ্রামের মানুষের মাঝে বিতরণের জন্য কোরবানির মাংস মসজিদে রাখা হবে নাকি বাড়িতে নেওয়া হবে -এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আবু বকর মুন্সী ও কামরুজ্জামান সম্রাটের নেতৃত্বে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সরকি, রামদা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে জাকির হোসেন (৪২), আমির হোসেন (৪০), জামাল মোল্লা (৪৩), মান্নান মোল্লা (৫৫), রুবেল মিয়া (৩০), ইলিয়াস শেখ (৩০), সুজন মিয়া (২৮), আসাদ মোল্লা (৩৫), সম্রাট মোল্লা (৪০), হেনা বেগম (৫০), জাহিদ শেখ (৪৫) ও জালাল মোল্লা (৪০) সহ আরও কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission