ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার টি-আলী বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর তিনটার দিকে এলাকার একটি পুকুরে কোনো কিছু ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে সেটি মরদেহ বলে নিশ্চিত হন তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে একটি পরিবার। তাদের দাবি, উদ্ধার হওয়া মরদেহটি তাদের পরিবারের নিখোঁজ সদস্য স্বজন হোসেন মিয়ার।
পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে স্বজন নিখোঁজ হন। এ ঘটনায় তারা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। পুকুর থেকে মরদেহটি তোলার পর মুখমণ্ডল দেখে তারা মরদেহটি শনাক্ত করেন। এ সময় স্বজনদের কান্নায় ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিখোঁজ-সংক্রান্ত অভিযোগ সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সাদলা গ্রামের বাসিন্দা মোছা. ঢালমা বেগম তার স্বামী হোসেন মিয়া (আনুমানিক ৩৭) নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত সোমবার (২৫ মে) বিকেল চারটার দিকে কসবা থানাধীন কুটি ইউনিয়নের একটি এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা এখনো ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে চূড়ান্তভাবে কোনো কিছু জানাতে পারছি না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
আরটিভি/টিআর




