জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১ হাজার হাফেজকে কোরআন-পাঞ্জাবি বিতরণ

ভোলা (চরফ্যাশন) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ মে ২০২৬ , ০৪:৩৩ পিএম


জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১ হাজার হাফেজকে কোরআন-পাঞ্জাবি বিতরণ
ছবি: আরটিভি

ভোলার চরফ্যাশনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক হাজার হাফেজ শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

রোববার (৩১ মে) চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকায় নিজ বাসভবনে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে এসব সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কওমি ও আলিয়া মাদরাসা থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষার্থী, আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ধর্মীয় শিক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন মাদরাসার এক হাজার হাফেজ শিক্ষার্থীর হাতে নতুন পাঞ্জাবি ও পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্যকালে অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের এক গুরুত্বপূর্ণ স্থপতি ছিলেন। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং ধর্মীয় শিক্ষার প্রসারে আমরা এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। সমাজের সুবিধাবঞ্চিত ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন থেকে দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তার আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করেছি এবং শিক্ষার্থীদের মধ্যে কুরআন ও পাঞ্জাবি বিতরণের মাধ্যমে দ্বীনি শিক্ষার প্রসারে অবদান রাখার চেষ্টা করেছি।

দুই দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে কোরআনখানি, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া, আলোচনা সভা এবং হাফেজ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আলেম-ওলামারা জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া প্রতি বছর বিভিন্ন সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। এবারের কর্মসূচিতে এক হাজার শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি ও কোরআন বিতরণ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তারা এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission