নারীকে মারধর করা সেই আ.লীগ নেতাসহ সঙ্গীদের গ্রেপ্তারের নির্দেশ এমপির

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ মে ২০২৬ , ১০:০৪ পিএম


নারীকে মারধর করা সেই আ.লীগ নেতাসহ সঙ্গীদের গ্রেপ্তারের নির্দেশ এমপির
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনকে মারধর ও লুটপাটের মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ ও তার সহযোগীদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

রবিবার (৩১ মে) বিকেলে আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ এক নারীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই নারীকে দেখতে যান। পরে শ্রীপুর থানায় উপস্থিত হয়ে আসামিদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ওসিকে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত নারীকে দেখতে গিয়ে সাংবাদিকেদরকে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে হাবিবুল্লাহ এলাকায় দুধর্ষ হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে হামলা ও হতাহতের ঘটনায় একাধিক হত্যা মামলা রয়েছে। সে এখনও এলাকায় ত্রাস সৃষ্টি করে মায়েদের গায়ে হাত তোলাসহ শিশুদের নির্যাতন করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। একজন ভদ্র মহিলাকে সামান্য ঘটনায় এভাবে মারধর বিবেকবানদের হৃদয় নাড়া দেবেই। 

প্রসঙ্গত, শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (২নং সিএন্ডবি) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তাইজুল ইসলাম শ্রীপুর থানায় আওয়ামী লীগ নেতাসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে লুটপাট ও হত্যাচেষ্টা মামলা রুজু করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম হামলা, লুটপাট ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এ হামলায় নেতৃত্ব দেওয়া প্রধান আসামি হাবিবুল্লাহ (৪৮) শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর। অন্য আসামিরা হলেন- হাবিবুল্লাহর ভাই সুলতান  উদ্দিন (৫০), ফয়সাল (৩০), ফাহাদ (২৮) নুজবেল (২৫), আমিনুল (২৮), হেলাল (৩৮), রাজিব (৩৫), শহিদুল (৪৫) এবং আমানত (২৫)।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission