বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে পারুল খাতুন (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার (২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারুল খাতুন উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন মিয়ার স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, রিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
২০০৮ সালের ৩০ আগস্ট মাদকদ্রব্যের একটি চালানসহ তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে কারাভোগের সময় তার স্ত্রী পারুল খাতুন মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেন। কারামুক্ত হওয়ার পর রিপন মিয়াও ফের এ ব্যবসায় জড়িয়ে পড়েন।
পুলিশ জানায়, সোমবার রাতে রিপন মিয়া ও তার স্ত্রী নিজ বাড়িতে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া পালিয়ে গেলেও পারুল খাতুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় রিপন মিয়া ও পারুল খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘মামলার অন্য আসামি রিপন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আরটিভি/এসএস



