কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে অপর এক কিশোর আহত হয়।
মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রানা ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পশ্চিম আঠারপাইকা গ্রামের লাবন্য মিয়া ও রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় আকস্মিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে তারা দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রানা মিয়ার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নিহত রানা মিয়ার চাচাতো ভাই রাজু মিয়া বলেন, হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়। লাবন্য বর্তমানে কিছুটা সুস্থ আছে। হতাহতরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, বিষয়টি আমরা পরে জেনেছি।
আরটিভি/এমএইচজে




