পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৮:৫৮ এএম


পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত‍্যু হয়েছে। এ সময় ওই শিশুর মা আহত হয়েছেন। 

রোববার (৭ জুন) রাত ৯টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার কুলাদি এলাকার জাহিদ হাসানের ছেলে আলিফ হাসান (৮) ও আতাইকুলা থানার শ্রীকল এলাকার বাশার শেখের ছেলে বাকী বিল্লাহ (৩৫)। অন্যদিকে, আহত আঁখি খাতুন (৩০) জাহিদ হাসানের স্ত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আঁখি তার শিশু সন্তান আলিফকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে রূপপুরের দিক থেকে দাশুড়িয়া অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ‍্যে কোলেরকান্দি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে আঁখির কোল থেকে শিশু আলিফ সড়কে ছিটকে পড়ে।

পরে মোটরসাইকেল চালক বাকি বিল্লাহ শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আলিফ এবং মোটরসাইকেল চালক বাকী বিল্লাহ নিহত হন। এ ঘটনায় ওই শিশুর মা আঁখি খাতুন পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে আহত হন।

আরও পড়ুন

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় গৃহবধূ আঁখি খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। 

তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব‍্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission