নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ফল উৎসবে হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের কয়েকজন সাবেক নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন।
এর আগে, একইদিন সকালে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন হামলায় আহত উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি।
মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে নিলয় ও রাজু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে এনসিপির ফল উৎসব চলাকালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চ ও অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুর করে, যার ফলে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় বাধা দিতে গেলে আল ফারাবিসহ কয়েকজনকে মারধর করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে ব্যবহৃত মাইক, সাউন্ড সিস্টেম, ব্যাটারি এবং উৎসবের জন্য আনা বিভিন্ন ফল লুট করে নিয়ে যাওয়া হয়। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাইনুল ইসলাম সুরুজ।
কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/ এসকেডি




