পরকীয়া প্রেমিকের স্ত্রীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০১:০৯ পিএম


পরকীয়া প্রেমিকের স্ত্রীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
নিহত সানজিদা আক্তার। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় বাসায় ঢুকে পরকীয়া প্রেমিকের স্ত্রীর ছুরিকাঘাতে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় সানজিদাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, টেকপাড়ার একটি ভাড়া বাসায় ১২ বছর বয়সী ছেলে সন্তানকে নিয়ে থাকতেন সানজিদা। একটি মুদির দোকান থেকে বাকিতে কেনাকাটার সূত্রে ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে শফিউল আলমের স্ত্রী ইয়াসমিনসহ কয়েকজন নারী সানজিদার বাসায় যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সানজিদাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ সময় সানজিদার ছেলে সাব্বির চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন।

আরও পড়ুন

নিহতের ছেলে সাব্বির গণমাধ্যমকে জানায়, ঘটনার সময় বাসায় তার মা ছাড়াও দুইজন পুরুষ ছিলেন। পরে কয়েকজন নারী এসে তার মায়ের ওপর হামলা চালান। তাদের হাতে ধারাল অস্ত্র ছিল।

স্থানীয় সমাজকর্মী ডালিম ও রিয়াদ গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তারা গিয়ে আহত সানজিদাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। সানজিদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায় হওয়ায় ঘটনাস্থলে তার নিকটাত্মীয় কেউ ছিলেন না।

হাসপাতালে নিহতের সাবেক স্বামী ইমন কন্ট্রাক্টর জানান, ঘটনার বিষয়ে আগে তিনি কিছু জানতেন না। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয় তিনজনকে আটক করেছে। ঘটনার বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission