গাজীপুরের কালিয়াকৈরে সাহেরা (১৭) নামে এক নারী পোশাককর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১০ জুন) সকালে উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত সাহেরা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে টাঙ্গাইল থেকে স্বামীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন সাহেরা। নিহতের স্বামী শ্যামল একজন গাড়ির হেলপার। মঙ্গলবার (৯ জুন) দুপুরে শ্যামল কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়। পরে রাত ২টার দিকে শ্যামল বাড়িতে পৌঁছে দেখতে পায় ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগানো। তিনি দরজা খুলে দেখেন বুকের কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় মেঝেতে সাহেরা অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় শ্যামলের চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওই নারীর গলার একটু আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে




