চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০৬:৫১ পিএম


চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ 
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) দুপুরে দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক ব্যবসা ও মাদক কারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।

আরও পড়ুন

এ সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম (৩৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তিনি নিশ্চিত হয়েছেন যে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission