নতুন পে-স্কেল বাস্তবায়নের রোডম্যাপ দিলেন অর্থমন্ত্রী, বরাদ্দ কত

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০১:১১ এএম


নতুন পে-স্কেল বাস্তবায়নের রোডম্যাপ দিলেন অর্থমন্ত্রী, বরাদ্দ কত
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থবছরের শুরু অর্থাৎ আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম বেতনকাঠামো বাস্তবায়নের কথা বললেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবৎ একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।’

অষ্টম বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা; আর সর্বোচ্চ বেতনকাঠামো ৭৮ হাজার টাকা (নির্ধারিত)। নবম বেতন কাঠামোয় সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। আগামী অর্থবছর থেকে এ সুপারিশই বাস্তবায়ন করা হচ্ছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

নবম বেতন কমিশনের সুপারিশ জমা দেওয়ার সময় কমিশনপ্রধান জাকির আহমেদ খান জানিয়েছিলেন, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে বাড়তি ১ লাখ ৬০০০ কোটি টাকার দরকার পড়বে।

বরাদ্দ কত

প্রতিবছরের ‘বাজেট সংক্ষিপ্ত-সারে বিবরণী-২খ’ নামে একটি অংশ থাকে, যা আছে এবারও। এতে দেখানো হয় ‘পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণ’। এ বিশ্লেষণে অফিসারদের বেতন, কর্মচারীদের বেতন ও ভাতাদি—এই তিন ভাগে বরাদ্দের হিসাব দেওয়া হয়। আগামী অর্থবছরের জন্য তিন ভাগে এ হিসাব দেওয়া আছে ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ হিসাব মোট ৮৫ হাজার ৬৫১ কোটি টাকা। সেই হিসাবে বাড়ল ৪ হাজার ১৮৫ কোটি টাকা।

এদিকে বিবরণী-৪–এ আছে ‘পরিচালন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণ’। এতেও একইভাবে হিসাব দেওয়া আছে তিন ভাগে। এ বিবরণী অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য বেতন-ভাতা বাবদ বরাদ্দ দেখানো আছে আরেকটু কম অর্থাৎ ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা। এ বিবরণীতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এর মোট পরিমাণ ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা।

তাহলে অর্থমন্ত্রী যে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ঘোষণা দিলেন, সেই টাকা তাহলে কোথায় বরাদ্দ দেখানো আছে? অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এটা আছে মূলত বাজেট সংক্ষিপ্ত-সারের বিবরণী ২ ক-এর মধ্যে। এ অংশে পরিচালন ও উন্নয়ন বাজেটের সম্পদের ব্যবহার দেখানো আছে।

আরও পড়ুন

সম্পদের ব্যবহার অংশে ‘জনপ্রশাসন-নিট’ বাবদ আগামী অর্থবছরের জন্য বরাদ্দ রাখা আছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। অথচ চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বরাদ্দ ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা। সে হিসাবে বরাদ্দ বাড়ল ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা।

অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, এই ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা থেকে অন্তত ৪৪ হাজার কোটি টাকা থাকছে সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনধারী ব্যক্তিদের জন্য নতুন বেতনকাঠামোর আংশিক বাস্তবায়নে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission