পুকুর খননের নামে স্কুল শিক্ষিকার পুকুরের মাছ আত্মসাতের অভিযোগ 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১০:০৯ পিএম


পুকুর খননের নামে স্কুল শিক্ষিকার পুকুরের মাছ আত্মসাতের অভিযোগ 
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি পুকুর খননের নামে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল ও পুকুরে থাকা প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরে আত্মসাতের অভিযোগ উঠছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

বুধবার (১৭ জুন) দুপুরে এর প্রতিকার চেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্কুল শিক্ষিকা মোছা. খুরশীদ নাহার।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ঘটনাটি ঘটেছে, উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামে।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের মো. আব্দুর রহিম, খায়রুজ্জামান দুলাল, আব্দুর রহমান ও হেলাল উদ্দিন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামের ১৪৬ দাগের ১০ শতাংশ জমি দীর্ঘ ৭০ বছর ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে যাচ্ছে ভুক্তভোগীর পরিবার। ওই পুকুরটির পাশে সরকারি খাস একটি পুকুর রয়েছে। সরকারি ওই খাস পুকুর ‘ডাকাত গাড়ি’ নামে পরিচিত।

ওই পুকুরের সুফলভোগীরা সরকারের কাছ থেকে লিজপ্রাপ্ত হয়ে মাছ চাষ করে যাচ্ছে। পুকুরের সামান্য কিছু অংশ ভুক্তভোগীর পুকুরের সঙ্গে এক হয়ে যাওয়ায় ভুক্তভোগী খুরশীদ নাহার সরকারি আমিন দ্বারা পুকুরের সীমানা নির্ধারনের জন্য তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করলেও কোন প্রকার সমাধান পাইনি। 

কিন্তু সম্প্রতি সরকারি সুফলভোগীরা ওই পুকুরটি খনন করতে গিয়ে খুরশীদ নাহারের নিজস্ব সম্পত্তির পুকুরের পাড় কেটে দখল করার চেষ্টা করছে এবং ওই পুকুরে চাষ করা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মাছ ধরে আত্মসাত করেছে তারা।

অভিযোগ অস্বীকার করে প্রভাবশালী মো. আব্দুর রহিম জানান, পুকুরটি সরকারি। সুফলভোগীরা সরকারের কাছে থেকে লিজ নিয়ে পুকুরটি খনন করছে। ওই পুকুরটির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।  

আরও পড়ুন

এ নিয়ে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, লিখিত একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহণ করবেন।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission