পিরোজপুরের মঠবাড়িয়া–চরখালী আঞ্চলিক মহাসড়কের সাফা–দেবীপুর মাদ্রাসাসংলগ্ন বেইলি ব্রিজ ধসে পড়ায় টানা ৮ দিন সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর ধসে পড়া ব্রিজসংলগ্ন নতুন পাকা সেতুটি খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। সেতুটি চালু হওয়ায় মঠবাড়িয়া ও পাথরঘাটার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, পিরোজপুরসহ ১৫টিরও বেশি রুটে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে।
সেতুটি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে যাত্রী, পরিবহনচালকসহ হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিকল্প পথ ব্যবহার করে দীর্ঘ সময় ও অতিরিক্ত খরচে গন্তব্যে পৌঁছাতে হয়েছে সাধারণ মানুষকে। বিশেষ করে রোগীবাহী ও পণ্যবাহী যানবাহন এবং দূরপাল্লার পরিবহন চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছিল।
আজ থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল শুরু করেছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সাফা–দেবীপুর সেতু এ অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। সেতুটি চালু হওয়ায় ১৫টি রুটের সঙ্গে যোগাযোগ আবারও সহজ ও স্বাভাবিক হয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, সাফা–দেবীপুর বেইলি ব্রিজটি ধসে পড়ার পর আমরা দ্রুত পাকা সেতুটির কাজ সম্পন্ন করে যোগাযোগের উপযোগী করতে সক্ষম হয়েছি। সেতুটি চালুর ফলে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় গতি ফিরে আসবে এবং সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত ৩টার দিকে আলুবোঝাই একটি ট্রাক দেবীপুরে পৌঁছায়। ট্রাকটি বেইলি ব্রিজে উঠতেই সেতুটি ধসে পড়ে।
আরটিভি/টিআর




