শনিবার বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ১১:১৬ পিএম


শনিবার বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

জরুরি মেরামত ও সংস্কার কাজের কারণে শনিবার (২০ জুন) চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৯ জুন) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নেসকোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তরের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

অন্যদিকে, বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য চুয়াডাঙ্গার বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ওজোপাডিকোর চুয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বড়বাজার ফিডার ও নিউ মার্কেট ফিডারের আওতাধীন এলাকায় ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে।

বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকার মধ্যে রয়েছে দৌলোদিয়ার সরদারপাড়া, স্কুলপাড়া, ফায়ার সার্ভিসপাড়া, বঙ্গজপাড়া, বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তিপাড়া, থানা রোডের উভয় পাশ, দৌলোদিয়ার দক্ষিণপাড়া এবং কোরিয়াপাড়া।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে ওজোপাডিকো।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission