হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা হলেও জানেন না সাংবাদিকরা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ  

শনিবার, ২৭ জুন ২০২৬ , ১০:১৭ পিএম


হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা হলেও জানেন না সাংবাদিকরা
ছবি: আরটিভি

অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আগামীকাল থেকে সারা দেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হলেও বিষয়টি জানানো হয়নি কোনো সাংবাদিককে। সাংবাদিকদের জন্য বরাদ্দ না থাকায় তাদের জানানো হয়নি বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় জেলার হাকিমপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হাসপাতালের স্টাফদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। অথচ বিষয়টির ব্যাপক প্রচারের জন্য সাধারণত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে অ্যাডভোকেসি সভা করা হয়, যাতে কোনো শিশু এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে। তবে এবার তা করা হয়নি।

আব্দুল খালেক নামের এক অভিভাবক বলেন, আমার ১০ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। আগামীকাল সকালে যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, তা আমি জানি না। প্রতিবছর স্থানীয়ভাবে প্রচার করা হতো, আবার সাংবাদিকেরাও প্রচার করতেন। কিন্তু এবার তা দেখছি না। শুধু আমি নই, অনেকেই এই ক্যাম্পেইন সম্পর্কে অবগত নন। এতে সরকারের এই উদ্যোগ ব্যাহত হতে পারে।

হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির বলেন, আগামীকাল থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ-সংক্রান্ত অ্যাডভোকেসি সভা হাসপাতালে হলেও আমাদের বিষয়টি জানানো হয়নি। তবে রাত পৌনে ৮টার দিকে হাসপাতাল থেকে ফোন করে শুধু জানানো হয়েছে যে আগামীকাল ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন বলেন, সারা দেশের ন্যায় আগামীকাল সকাল ১০টায় হাকিমপুর উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৯৭টি কেন্দ্রে ১৩ হাজার ৫১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

অ্যাডভোকেসি সভা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য সময় অ্যাডভোকেসি সভার জন্য কিছু বরাদ্দ বা সম্মানী থাকে, যা সাংবাদিক ও বাইরের সদস্যদের জন্য ব্যয় করা হয়। কিন্তু এবার কোনো বরাদ্দ ছিল না। তাই আপনাদের ডাকলেও যথাযথ সম্মান করতে পারতাম না। সে কারণেই কাউকে জানাতে পারিনি। ভেবেছিলাম, আগামীকাল উদ্বোধনের সময় বিষয়টি সবাই জানতে পারবেন। ইউএনও মহোদয়কে নিয়ে আমরা অ্যাডভোকেসি সভা সম্পন্ন করেছি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, শনিবার সকাল ১১টার দিকে হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, তাই আমি সেখানে উপস্থিত ছিলাম।

দিনাজপুরের সিভিল সার্জন গোলাম রসুল রাখি বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে হাকিমপুরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। কেন সাংবাদিকদের জানানো হয়নি, সে বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলুন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission