ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ নতুন প্রকৃতির বিষাক্ত সিনথেটিক মাদক ‘কুশ’। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৬ কোটি টাকা মূল্যের এই মাদকসহ তারিকুজ্জামান নামে পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় এ অভিযান চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। পরে সন্ধ্যায় বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাধবকাটি এলাকা দিয়ে সীমান্ত অভিমুখে যাওয়া এক মোটরসাইকেলে তল্লাশি চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। তল্লাশিকালে উদ্ধার করা হয় কেমিক্যাল মিশ্রিত মারাত্মক মাদক ‘কুশ’। উদ্ধার হওয়া ১২ কেজি কুশের প্রতি গ্রামের আনুমানিক খোলাবাজার মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা। জব্দ করা মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ সর্বমোট আলামতের বাজারমূল্য ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, মারিজুয়ানা বা গাঁজার কুঁড়ির সাথে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ বা টিএইচসি নামক মারাত্মক রাসায়নিক মিশিয়ে এই মাদক প্রস্তুত করা হয়, যা সাধারণ মাদকের চেয়ে বহুগুণ বেশি বিষাক্ত। সীমান্ত পার করে ভারতে এই মাদক পাচারের নেপথ্যে থাকা চোরাচালান চক্রকে চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। আটক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএম




