পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৭:৩৬ পিএম


পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

রাজবাড়ীতে মুরগিবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জোহান (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সেতু আক্তার গুরুতর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোহান ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশারফের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জোহানের মৃত্যু হয় এবং তার স্ত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করেন।

প্রত্যক্ষদর্শী লিটন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা গিয়ে আহত নারীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে নিহত ব্যক্তির মরদেহ পাশের পানিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন আকরামুল হক বিপ্লব বলেন, আমার বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা আমাদের বাড়িতে এসেছিল। অনুষ্ঠান শেষে দুজন মোটরসাইকেলে করে রাজবাড়ীর উদ্দেশে রওনা দিলে পথেই দুর্ঘটনার শিকার হন। তাদের দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission