নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার নারকেলবাড়িয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকাশ বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকার বাসিন্দা। তিনি এ হত্যা মামলার ৪ নম্বর আসামি।
পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সেখানে নড়াইল সদর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশ নিজেকে বাঁচাতে ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন। তবে পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ জুন সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের বাসিন্দা ও মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা গেছে, একটি ভ্যান চুরির সন্দেহে গোবরা মালোপাড়া এলাকার কয়েকজন ব্যক্তি আনোয়ারকে ধরে নিয়ে যান। সেখানে একটি গাছের সঙ্গে তাকে শক্ত করে বেঁধে সারারাত অমানবিক ও নির্যাতন চালানো হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি মারধরের ফলে আনোয়ার গুরুতর আহত ও রক্তাক্ত হন।
পরদিন স্থানীয় এক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্যের মাধ্যমে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে। তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা করা হয়ে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আকাশ এলাকা ছেড়ে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি যশোরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন।
আরটিভি/টিআর




