মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত এক মাদককারবারিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। তবে ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালান জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় ওই এলাকার একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি পারভেজ বেপারীকে গ্রেপ্তার করে ডিবি। পারভেজের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। বিষয়টি জানাজানি হলে মাদককারবারির সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু হটেন। এ সুযোগে পারভেজকে নিয়ে পালিয়ে যায় তার সহযোগীরা।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, গোয়েন্দা পুলিশের দুইজন উপপরিদর্শকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পারভেজের কয়েক শ লোক জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পারভেজ পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পারভেজকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পাশাপাশি তাকে গ্রেপ্তারে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করে যাচ্ছে।
আরটিভি/টিআর




