মুন্সীগঞ্জের শ্রীনগরে চিত্রনায়িকা জাকিয়া মুনের বাসায় চুরির ঘটনায় চোরাইকৃত মালামালসহ পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিক-নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- দামলা এলাকার মো. সামির শেখ (২২), মো. শরীফ মীর (২৫), জসুরগাঁও এলাকার রফিকুল ইসলাম (৩৫) এবং শ্যামসিদ্দি এলাকার ফিরোজ (৪৫)।

পুলিশ জানায়, ২৮ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো একসময় চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের বাসা থেকে প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে চুরির ১টি আইপিএস ব্যাটারি, ১টি আইপিএস মেশিন, ২টি ফ্যান এবং ১টি প্রজেক্টর উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এসএস




