ঋণের বোঝা নিয়েই কফিনবন্দি হয়ে ফিরলেন জাকির

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৫:৫৬ পিএম


ঋণের বোঝা নিয়েই কফিনবন্দি হয়ে ফিরলেন জাকির
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া দক্ষিণপাড়া গ্রামের দিনমজুর বাবা মো. মোজাম্মেল ও মা জরিনা বেগমের একমাত্র ছেলে মো. জাকির হোসেন (২৫) জীবিকার তাগিদে তিন বছর আগে ধারদেনা করে মালয়েশিয়ায় পাড়ি জমান। আশা ছিল কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাবেন, বাবার ঋণ শোধ করবেন এবং সংসারের অভাব দূর করবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। দেশে ফিরলেন লাশ হয়ে।

মৃত্যুর আগে প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন জাকির। পরে স্ট্রোক করলে গত ২৪ জুন মালয়েশিয়ায় তার মৃত্যু হয়। দীর্ঘ অপেক্ষার পর সোমবার (৬ জুলাই) রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। উঠানের মাঝখানে একমাত্র সন্তানের কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বাবা মো. মোজাম্মেল। মা জরিনা বেগম ও বোন শোকে নির্বাক। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে যায়।

আরও পড়ুন

কম বেতনের চাকরির কারণে বাবার নেওয়া ঋণের পুরো টাকা পরিশোধ করতে পারেননি জাকির। বর্তমানে প্রায় ৪ লাখ ৯৮ হাজার টাকা ঋণ বাকি রয়েছে। একদিকে একমাত্র সন্তান হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝা— সব মিলিয়ে দিশেহারা পরিবারটি।

আজ সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে জাকিরের মরদেহ বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission