প্রায় তিন ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ময়মনসিংহ নগরীতে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।
তিনি জানান, রেলওয়ের উদ্ধারকারী দল রাত ১টার দিকে লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে। এরপর আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। একই সঙ্গে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ নগরীর নতুনবাজার এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরটিভি/ এসকেডি



