বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বঙ্কুপাড়া বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে দুই মিয়ানমারের নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (১৭ জুলাই) বঙ্কুপাড়া বিওপির নায়েক সুবেদার মো. কামরুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে থানচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিয়ানমারের মংডু উপজেলার বাসিন্দা মা তুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)। তিনি থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর আপন ছোট ভাই।
এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির দায়ের করা মামলায় বিদেশি আইনের ১৩/১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ বিকেলে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএ




