টাঙ্গাইলে ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১০:২৩ পিএম


টাঙ্গাইলে ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু
ছবি : আরটিভি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত উপজেলার থলপাড়া, মন্দিরাপাড়া, কোদালিয়া ও কাটরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকায় করে মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পট থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় ঝিনাই নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। এতে ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে জিকুল হোসেন (১৮) ও সামসুর রহমান সাজ্জাত (৩১)-কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, বহুরিয়া গ্রামের মন্দিরাপাড়া বিলে বেড় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে মারা যান সুশান্ত রাজবংশী (১৮)। এ ঘটনায় আরও সাতজন আহত হন। পরে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

এছাড়া, গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামে খালে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে মারা যান রুস্তম আলী (৬৫)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, শুক্রবার বেলা ১১টার দিকে জামুর্কী ইউনিয়নের কাটরা এলাকায় লৌহজং নদী থেকে জুলহাস মোল্লা (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের চিকিৎসা চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission