ঢাকার ধামরাইয়ে ইলেকট্রেশিয়ানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ডাকাতির ঘটনায় ডাকাতরা নগদ ৪ লাখ টাকা দুই ভরি স্বর্ণ ও একটি মোবাইলসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটকরা হলেন- শাহিন ও মাসুম। তারা ভুক্তভোগীর বাড়ির পাশে একটি মুরগির খামারে কাজ করেন।
এ বিষয়ে বাড়ির মালিক ইলেকট্রেশিয়ান শাহিনুর ইসলাম বলেন, শুক্রবার রাতে বারান্দার গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে প্রথমে আমার মায়ের রুম থেকে নগদ টাকা ও স্বর্ণ লুট করে। পরে তারা আমার রুমে ঢুকে মোবাইল নেওয়ার সময় আমি জেগে গেলে একজনকে জড়িয়ে ধরি। তখন তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে হাতে এবং শরীরে আঘাত করে। এ সময় আমি চিৎকার করলে তারা সবাই পালিয়ে যায়। স্বর্ণের চেইন টাকাসহ সর্বমোট ৭ লাখ টাকার মালামাল লুট করে নেয় তারা।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএইচজে



