মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে এক সালিশকারীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম ব্যাপারী (৪০) মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২০ জুলাই দুপুর আড়াইটার দিকে বল্লালবাড়ী এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সেলিম ব্যাপারী তার চাচাতো ভাই ও স্থানীয় সালিশকারী আবুল কালাম ব্যাপারীর (৫৫) মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত সেলিম ব্যাপারী মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে ছিলেন। তার মেয়ের বিয়েকে কেন্দ্র করে স্ত্রীকে দোষারোপ করা নিয়ে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সালিশকারীদের প্রতিও ক্ষোভ প্রকাশ করতেন তিনি।
এরই ধারাবাহিকতায় সালিশকারী হিসেবে যুক্ত থাকা আবুল কালাম ব্যাপারীর ওপর হামলা চালান বলে ধারণা পুলিশের।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন জানান, ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
আরটিভি/আইএম




