ঠিকাদারি অনিয়ম মেনে নেওয়া হবে না: জাহাঙ্গীর আলম

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ১২:৪০ এএম


ঠিকাদারি অনিয়ম মেনে নেওয়া হবে না: জাহাঙ্গীর আলম
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। ছবি: আরটিভি

বিএনপি সরকারের আমলে কাজের গুণগত মানের বিষয়ে কোনো রকম আপস করা হবে না, ঠিকাদারি অনিয়ম মেনে নেওয়া হবে না। নড়াইলের দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজে চরম অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বুধবার (২২ জুলাই) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় এবং নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন বহুতল একাডেমিক ভবনের কাজ সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জানা গেছে, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বের কারণে বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ রয়েছে।

আরও পড়ুন

নির্মাণসামগ্রী এলোমেলোভাবে ফেলে রাখায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ও শিক্ষার্থীদের খেলাধুলা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে তা নজরে আসে স্থানীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের।

সংবাদের সত্যতা যাচাই এবং কাজের বর্তমান পরিস্থিতি তদারকি করতে বুধবার বিকেলে তিনি সরাসরি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন। পরিদর্শনকালে মাঠে স্তূপ করে রাখা বালু ও পাথরের গুণগত মান নিজ হাতে পরখ করে দেখেন এমপি।

সামগ্রীর নিম্নমান দেখে তিনি চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। মাসের পর মাস মালামাল ফেলে রেখে খেলার মাঠ দখল করে রাখার কারণও জানতে চান তিনি।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম স্পষ্ট ভাষায় বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের মতো নিম্নমানের ঠিকাদারি কাজ করে বিল তুলে নেওয়ার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। কোনো অবস্থাতেই দায়সারা কাজ করে বিএনপি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেওয়া হবে না। ঠিকাদারদের মনোভাব পরিবর্তন করতে হবে। বিগত সরকারের আমলের দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতি এখন আর চলবে না।

তিনি অনতিবিলম্বে মাঠ থেকে নিম্নমানের সব কংক্রিট, বালু ও পাথর সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। অফিশিয়াল সিডিউল এবং সঠিক নিয়ম মেনে মানসম্মত মালামাল দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বন্ধ থাকা কাজ পুনরায় শুরু করার কঠোর তাগিদ দেন। সিডিউল অমান্য করা হলে বা কাজের গুণগত মান খারাপ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

পরবর্তীতে সংসদ সদস্য নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন একাডেমিক ভবন পরিদর্শনে যান। সেখানেও ভবনের অবকাঠামোগত কাজের মান পরীক্ষা-নিরীক্ষা করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ গুণগত মান বজায় রেখে ভবনের কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission