জামালপুরে পেছন থেকে বাসের ধাক্কায় একটি সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাহ হোসেন (৫০) মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিল।
স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত রবিন চৌধুরী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার চর পাকেরহদ গ্রামে।
আহত রবিন চৌধুরী জানান, পেছন থেকে একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় সিএনজিতে থাকা চালকসহ ছয়জন আহত হন। আমাকে ও গুরুতর আহত আরও দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। পরে ওই দুজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহত বিল্লাহ হোসেনের ভাতিজা আরিফ হাসান জানান, তার চাচা প্রবাসী ছিলেন। তিনি ময়মনসিংহে তার বড় ছেলে এইচএসসি পরীক্ষার্থী রাজনের সঙ্গে দেখা করে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনায় তিনি মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের পরিচয় জানা গেলেও অপর অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/টিআর




