ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৩:৫৯ পিএম


ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক
ছবি: আরটিভি

নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ওপর এক শিক্ষকের বেধড়ক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই শ্রেণির ১৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুস সালাম, যিনি বিদ্যালয়টিতে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় চতুর্থ শ্রেণির পাঠদান কক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলায় আর্জেন্টিনার হার নিয়ে ব্যঙ্গাত্মক গান গাইতে শুরু করে। শিক্ষার্থীদের গানের শব্দ শুনে ক্ষুব্ধ হয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেন সহকারী শিক্ষক আব্দুস সালাম। অভিযোগ উঠেছে, তিনি নিজের পছন্দের ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ সইতে না পেরে একটি প্লাস্টিকের বৈদ্যুতিক তার দিয়ে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে কক্ষে থাকা ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ছেলে-মেয়ে আহত হয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। রাতে বিদ্যালয় সংলগ্ন নারচী মোড় এলাকায় স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। তারা কোমলমতি শিক্ষার্থীদের ওপর এমন নির্মম শারীরিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম নিজের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে অভিভাবক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেবেন।

এ বিষয়ে নওগাঁ জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানাউল হাবিব জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission