মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছগ্রামের পাশে ধলেশ্বরী নদী থেকে সোহাগী (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোসল করতে নেমে নদীতে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। দীর্ঘ সময় চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝুঁকি নিয়ে প্রায় ৪০ ফুট গভীর পানি থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার শেষে মরদেহটি নৌপুলিশ ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে



