নওগাঁর মান্দা উপজেলার স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে পাঁজরভাঙ্গা থেকে জলছত্র পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় কশব ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশ ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. একরামুল বারী টিপু বলেন, দীর্ঘদিন ধরে পাঁজরভাঙ্গা থেকে জলছত্র পর্যন্ত সড়কটি সংকীর্ণ থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কটি প্রশস্ত হলে মানুষের চলাচল সহজ হবে, কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা যাবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে মান্দা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজও সম্পন্ন করা হবে।
কশব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসেম সরদারের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা নূর এনায়েত নুরুজ্জামান হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মকলেছুর রহমান (মকে)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন টুকু। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এলাকাবাসী দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান।
আরটিভি/টিআর




