ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৯:৫২ পিএম


ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে: প্রিন্স
ছবি: আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে ভারতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া বাংলাদেশের মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ বাংলাদেশ কোনো আধিপত্যবাদ বা পরাধীনতার কাছে মাথা নত করবে না। বাংলাদেশকে আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করা যাবে না। দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন পথ উন্মোচিত হয়েছে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission