আমদানি হওয়ায় সোনার দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ ৩০ এপ্রিল রাতে ২২ ক্যারেটের এক ভরি সোনাতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সে দামেই মঙ্গলবার (৫ মে) কিনতে হবে সোনা। সবশেষ সমন্বয় করা দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এছাড়া, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৫ হাজার ৪৮২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩৮৩ টাকা।
অপরদিকে বিশ্ববাজারে আবারও নিম্নমুখী সোনার বাজার। মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ফের হামলার কথা জানানোর প্রেক্ষিতে বিনিয়োগকারীদের মূল্যবান এই ধাতুটির ওপর আস্থা কমেছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সোমবার (৪ মে) দুপুর নাগাদ (বাংলাদেশ সময়) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ৫৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ৩ শতাংশ কমেছে সোনার দর। এই বাজারে প্রতি আউন্স সোনা ৪ হাজার ৫৮৩ দশমিক ৭০ ডলারে বিক্রি হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের নতুন করে হামলার কথা জানানোর পর সোনার দামে ধস নেমেছে। এতে ডলারের মান শক্তিশালী হওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতির উদ্বেগ আরও বেড়েছে।
আরটিভি/এমএ




