পে স্কেলে দুই স্তরের চাকরিজীবীদের বেতন-সুবিধা বাড়বে বেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৮:৩২ পিএম


পে স্কেলে দুই স্তরের চাকরিজীবীদের বেতন-সুবিধা বাড়বে বেশি
ছবি: সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন অর্থবছরের শুরু থেকেই এই বেতনকাঠামো কার্যকর করা হতে পারে। এ লক্ষ্যে গঠিত কমিটি বৃহস্পতিবার (২১ মে) আবার বৈঠকে বসছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেলে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন এবং সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি বাড়ানো হচ্ছে। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তারা অপেক্ষাকৃত কম সুবিধা পাবেন। একই সঙ্গে সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পেনশনের হার শতভাগের বেশি বৃদ্ধির প্রস্তাব রয়েছে বলে জানা গেছে।

পে-স্কেল সংক্রান্ত কমিটির এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ছে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর। সে কারণে নিচের স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনার বিষয়েও সুপারিশ থাকতে পারে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে দুই দফা বৈঠকে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়টি আলোচনা হয়েছে। নবম পে-স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন এবং বিচার বিভাগীয় কর্মচারীরাও অন্তর্ভুক্ত থাকবেন।

এ ছাড়া স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও আলাদা নির্দেশনা থাকতে পারে। পুনর্গঠিত কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে নতুন পে-স্কেল কার্যকর হবে।

সোমবার (১৮ মে) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থবছরের শুরুতে অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন বেতনকাঠামো বাস্তবায়ন হবে। অর্থনীতির অবস্থা খারাপ। জিডিপির তুলনায় রাজস্ব সংগ্রহের অবস্থাও ভালো নয়। ফলে অনেক খাতে কাটছাঁট করতে হচ্ছে। তবে তার মধ্যেও নতুন বেতনকাঠামোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে কর্মকর্তাদের নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। এজন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে বেতন কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে না।

সরকারের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, কমিশনের কিছু সুপারিশ কাটছাঁট করে তিন ধাপে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, কমিটির সুপারিশ ছিল। কিন্তু বাজেটের সীমাবদ্ধতা রয়েছে। আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission