গুচ্ছের ভর্তির সময় ফের বাড়ল, আসন ফাঁকা ৪২০

ইবি সংবাদদাতা, আরটিভ নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১১:১৪ পিএম


গুচ্ছের ভর্তির সময় ফের বাড়ল, আসন ফাঁকা ৪২০
ছবি : সংগৃহীত

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা আগামী ২১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণ বিবেচনায় যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেননি, তারা এই বর্ধিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে পারবেন। বর্তমানে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বমোট ৪২০টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) গুচ্ছভুক্ত ভর্তি কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পরীক্ষা কমিটি সদস্য সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

জানা গেছে, আজ বিকাল পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে জরুরি আলোচনা সভা হয়। আলোচনা সভায় পর্যালোচনা করে দেখা গেছে যে দুর্যোগের কারণে শিক্ষার্থীদের বড় একটি অংশই বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রয়েছে। তাই আগামী ২১ জুলাই পর্যন্ত সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।

আরও পড়ুন

ভর্তি কমিটির সদস্য সচিব বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশেষ করে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও যোগাযোগে মারাত্মক বিঘ্ন ঘটেছে। ফলে অনেক শিক্ষার্থীর পক্ষেই নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি হওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীদের এই মানবিক সংকট বিবেচনা করেই ভর্তি কমিটি সময়সীমা ২১ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ৪২০টি আসন খালি রয়েছে, তার বড় একটি অংশই বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাঁকা রয়েছে।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এখনও মোট ৩৬টি আসন খালি রয়েছে। এর মধ্যে ৩৫টি মেধাভিত্তিক আসন এবং ১টি কোটাভিত্তিক আসন ফাঁকা রয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী অবশিষ্ট থাকা শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, এর আগে গত অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের কোর কমিটির সভার (১২ জুলাই) সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে বলে অফিসিয়াল নোটিশ দেয় কর্তৃপক্ষ। এরপর মানবিক কারণে আজ আবারও সময়সীমা বর্ধিত করা হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission