ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র বহনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।
ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, আজ ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত অন্য কেউ তার বৈধ/লাইসেন্সধারী অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বহন করতে পারবেন না। কেউ বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯।
এ ছাড়া এবার কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
আরটিভি/এফএ





